ডাকাতিয়ার প্রবাহ বন্ধ হলে শুকিয়ে যাবে শাখা খাল : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন এ্যানি বলেছেন, ডাকাতিয়া নদীতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেলে আশপাশের শাখা খালগুলোও ধীরে ধীরে মরা খালে পরিণত হবে। বৃহস্পতিবার (৭ মে) চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এলাকার সেচ ব্যবস্থা সচল রাখা, কৃষকদের পানির সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নের জন্য ডাকাতিয়া নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী ও খালের নাব্যতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, যেসব নদী ও খালে পানির প্রবাহ কমে গেছে কিংবা চর জেগে উঠেছে, সেসব স্থানে দ্রুত খনন কার্যক্রম শুরু করতে হবে। জনস্বার্থে প্রয়োজনীয় প্রকল্প নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


