সবাই মিলেমিশে কাজ করলে শার্শাকে আরও সুন্দর করা সম্ভব : এমপি আজীজ

দেশজুড়ে
সবাই মিলেমিশে কাজ করলে শার্শাকে আরও সুন্দর করা সম্ভব : এমপি আজীজ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোরের শার্শায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান প্রতিরোধ এবং পশুর হাট ও ঈদ বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

সভায় তিনি বলেন, সবাই মিলেমিশে কাজ করলে শার্শাকে আমরা আরও সুন্দর করতে পারবো। ঈদকে সামনে রেখে হাট-বাজার, শপিংমল ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। তিনি জানান, ঈদ উপলক্ষে ক্রেতাদের সুবিধার্থে উপজেলার শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সেজন্য উপজেলার বিভিন্ন এতিমখানায় সরকারিভাবে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে।

এসময় তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণে আমরা এতিমখানাগুলোকে ফ্রি লবণ দিচ্ছি। পাশাপাশি বিজিবি ও পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, যাতে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণে থাকে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, সম্প্রতি সংঘটিত ডাকাতি ও হত্যা মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। ঈদকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

সভায় সীমান্তবর্তী এই উপজেলায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি এবং পুলিশকে আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদযাত্রা ও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।