নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া এলাকায়। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। অবসরের পর তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার দাফন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হবে। এদিকে শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ীতে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।


