ফ্যামিলি কার্ড কর্মসূচিতে বড় বরাদ্দ আসছে বাজেটে: তারেক রহমান
আগামী জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, দল ক্ষমতায় এসে তা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এ সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জনগণের আস্থা ও সমর্থনের মূল্যায়নে বিএনপি প্রতিশ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দলকে আরও শক্তিশালী করতে হবে।
মো. আবুল কালাম-এর সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


