২২ বছর পর চাঁদপুরে তারেক রহমান, জনসমুদ্রে পরিণত সমাবেশস্থল
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে গোটা জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে জড়ো হন।
শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় পতাকা ও দলীয় ব্যানার হাতে নিয়ে উপস্থিত হন।

অনেকেই জানান, দীর্ঘদিন পর তারেক রহমানকে সরাসরি দেখতে পেরে তারা উচ্ছ্বসিত। বিশেষ করে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
স্থানীয় বাসিন্দা রফিক গাজী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুর সফর জেলার মানুষের জন্য আনন্দের। তিনি যে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, নৌপথ সচল রাখা এবং কৃষি ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
সমাবেশে আসা ফিরোজা খাতুন বলেন, “আমরা এখনও ফ্যামিলি কার্ড পাইনি। অসহায় পরিবারগুলোর জন্য যেন এই সুবিধা নিশ্চিত করা হয়।”
জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডেও নতুন গতি আনবে।
দিনব্যাপী সফরে তারেক রহমান শাহরাস্তি উপজেলার খোদ্দ খাল এবং চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বিশ্বখাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং দেশের ২২ জেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবেন।
সফরের শেষ পর্যায়ে চাঁদপুর ক্লাবে আয়োজিত বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

