যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী

দেশজুড়ে
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব দেশের মানুষেরই। যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের জীবনমান উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। তবে উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বিভ্রান্তি ছড়ানো এবং বিভিন্ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের মানুষকে সচেতন থাকতে হবে। কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে সফল হবে—এ সুযোগ আর দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, দেশের মানুষ তাদেরকেই সমর্থন দেবে। জনগণের শক্তিকেই দেশের সবচেয়ে বড় নিরাপত্তা হিসেবে উল্লেখ করেন তিনি।

সমাবেশে প্রধানমন্ত্রী দেশকে নিজের ঘরের সঙ্গে তুলনা করে বলেন, “যেভাবে মানুষ নিজের ঘর, জমি ও সম্পদের যত্ন নেয়, একইভাবে দেশকেও নিজের সম্পদ হিসেবে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের স্বার্থ আমরা নিজেরাই দেখবো এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবো।”

আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা বিচার প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করছে কিংবা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।