লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে একজন মা ও তার দুই মেয়ে রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক কিশোরী সদস্য।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর বেগম, তার মেয়ে সায়মা আক্তার (২১) ও ইকরা। তারা কুমিল্লার হোমনা উপজেলার লইট্রা গ্রামের বাসিন্দা। আহত কিশোরীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, প্রেমঘটিত বিরোধ ও অর্থ লেনদেনের জটিলতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর অভিযুক্ত এক যুবককে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ ও ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


