হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি থেকে তাদের দল সরে আসবে না। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে এনসিপি অনড় অবস্থানে রয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের প্রশ্নে তাদের দল কোনো ধরনের রাজনৈতিক আপস করবে না। যারা দলটিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে কোনো ধরনের কর্তৃত্ববাদী বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
বক্তব্যে সীমান্ত পরিস্থিতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, ভারতের সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা ঘটছে এবং সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত রক্ষায় বিজিবির সঙ্গে সমন্বয় করে জনসচেতনতা বাড়াতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


