বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড এবং ১টি মিনি ট্রাক আটক করেছেন।
আজ শনিবার (৪জুলাই) বেলা সোয়া ১১টার সময় নেত্রকোণা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায় – শুক্রবার (৩জুলাই) রাত আনুমানিক ১১টার নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর খারনই বিওপি’র ৬সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের সরুজের মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বিজিবি টহল দল ভারত হতে আসা একটি মিনি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করে। জব্দকৃত কেমিক্যালের আনুমানিক সিজার মূল্য ৩২,০০,০০০/- (বত্রিশ লাখ) এবং ১টি মিনি ট্রাকের মূল্য ১৮,০০,০০০/- (আঠারো লাখ) সর্বমোট ৫০,০০,০০০/- (পঞ্চাশ লাখ) টাকা।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) আরও জানান – আটককৃত কেমিক্যালসহ ট্রাকটি নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


