নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

দেশজুড়ে
নওগাঁয় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু
৬ জুলাই ২০২৬
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে আহত রিকশাচালক বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে।
 সোমবার (৬ জুলাই) ভোরে শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মহাতাব সরকার (৬২)। তিনি বনানীপাড়া এলাকার বাসিন্দা। আর সুমন তারই ছেলে।
জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। আর এই মাদকের কারণে এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামী সুমনকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েক দিন আগে স্ত্রী সুমা বাড়িতে ফিরে আসে। এরপর আবারও পারিবারিক বিরোধ শুরু হয়।
রোববার দিবাগত রাত ১২টার দিকে সুমন বাবার পাশে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মহাতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে মহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে মহাতাব সরকারকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।