ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অন্তত ছয়টি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবোঝাই ট্রাকের চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকের ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেগুলো সংগ্রহ করতে সড়কে নেমে আসেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে ডিমবোঝাই ট্রাকের চালক রয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে সোয়াদী এলাকার জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ভাঙ্গা, ফরিদপুর এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।


