এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার (১০ জুলাই)। দুপুর ২টায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় সামান্য কম।
পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে আবারও এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৬৫.৮৮ শতাংশ।
এ নিয়ে টানা ১০ বছর পাসের হারে ছাত্রীদের আধিপত্য অব্যাহত থাকল। সর্বশেষ ২০১৫ সালে ছাত্ররা সামান্য ব্যবধানে এগিয়ে ছিল—সেই বছর ছাত্রদের পাসের হার ছিল ৮৭.৪১ শতাংশ এবং ছাত্রীরা ছিল ৮৬.৬৪ শতাংশে। এরপর থেকেই ছাত্রীদের ধারাবাহিক সাফল্য।
শিক্ষাবিদ ও বিশ্লেষকদের মতে, মেয়েরা পড়াশোনায় বেশি মনোযোগী ও নিয়মতান্ত্রিক হওয়ায় তারা ধারাবাহিকভাবে ভালো ফল করছে। অন্যদিকে, অনেক এলাকায় কিশোরদের মধ্যে স্কুলে ঝরে পড়া ও অনিয়মিত উপস্থিতি পাসের হারে প্রভাব ফেলছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ফলাফল প্রকাশের পরপরই মোবাইল এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ফল পাওয়া যাচ্ছে।


