এসএসসিতে কোনো নম্বর বাড়ানো হয়নি, শতভাগ স্বচ্ছ মূল্যায়ন: বোর্ড চেয়ারম্যান

শিক্ষা
এসএসসিতে কোনো নম্বর বাড়ানো হয়নি, শতভাগ স্বচ্ছ মূল্যায়ন: বোর্ড চেয়ারম্যান
নিউজ ডেস্ক
১০ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কোনো শিক্ষার্থীকে অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্কস দেওয়া হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি জানান, এবার ‘খাতার ভিত্তিতেই’ ফল প্রকাশ করা হয়েছে এবং শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়নের চেষ্টা করা হয়েছে শতভাগ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক কবির বলেন,

“এবার কোনো উদারনীতি বা নম্বর বাড়িয়ে ভালো ফল বানানোর চেষ্টা হয়নি। শিক্ষার্থীরা যা অর্জন করেছে, সেটাই তারা পেয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, এবার ফল প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপ ছিল না।

“আমাদের ওপর মহল থেকে বলা হয়েছে — যেটা প্রকৃত ফল, সেটাই দিতে হবে। পরীক্ষকদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছিল,”
— যোগ করেন তিনি।

বরিশাল বোর্ডে তুলনামূলকভাবে পাসের হার কম হওয়ার প্রসঙ্গে অধ্যাপক কবির বলেন,

“প্রান্তিক ও নদী-বিধৌত এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। ঢাকার মতো নগরকেন্দ্রিক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের মতো পরিবেশ সেখানে নেই। তাই শহর ও গ্রামীণ অঞ্চলের ফলাফলের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়।”

এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের ৬৫.৮৮ শতাংশ। এ নিয়ে টানা ১০ বছর ধরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।