জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ক্লাস শুরু আজ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ সোমবার (২১ জুলাই)। সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কলেজে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেন স্নাতক-পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন — যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮২ শতাংশ।
তবে প্রথম মেধাতালিকায় সুযোগ পান ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। তারাই এবার বিভিন্ন কলেজে স্নাতক শ্রেণিতে ভর্তির সুযোগ পান এবং ক্লাস শুরু করেছেন।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে শুরু হওয়া এই একাডেমিক কার্যক্রমে নবীন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত ছিল।


