শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী: শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি

শিক্ষা
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী: শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

রাতের বেলায় পরীক্ষার স্থগিতাদেশে চরম ক্ষুব্ধ হয়ে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ধানমন্ডি এলাকার অন্তত পাঁচটি কলেজ—ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি করেন। তারা অভিযোগ করেন, রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করেছে।

এক শিক্ষার্থী বলেন,
“সারা রাত জেগে প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ করে ভোর রাতে পরীক্ষা স্থগিতের খবর আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এতে আমাদের পড়াশোনা ও মানসিক প্রস্তুতিতে বড় ধাক্কা লেগেছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন দুপুরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নেন। অন্যদিকে মিরপুর, মগবাজারসহ শহরের আরও কয়েকটি এলাকা থেকেও শিক্ষার্থীদের মিছিল ধীরে ধীরে শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত পৌঁছে গেছে আরেকটি মিছিল, যেটিতে মিরপুর ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন,
“আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা না এলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”

পুলিশ সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।