আলিয়া মাদ্রাসায় দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা চালু হচ্ছে ২০২৬ সাল থেকে
আলিয়া মাদ্রাসার দাখিল ও আলিম পর্যায়ে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষার সঙ্গে যুক্ত করতে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ অন্তর্ভুক্ত করা হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
দাখিল ও আলিম স্তরে উপযোগী পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন
-
বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ
-
প্রাথমিকভাবে কিছু মাদ্রাসা নির্বাচন করে সেখানে পরীক্ষামূলকভাবে বিভাগ চালু করা
-
সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান
-
প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে উদ্যোগ গ্রহণ
-
শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা
মাদ্রাসা শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থানবান্ধব করতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।
উল্লেখ্য, এর আগে আলিয়া মাদ্রাসাগুলোতে বিজ্ঞান ও মানবিক বিভাগের পাশাপাশি কারিগরি শিক্ষা চালুর প্রক্রিয়াও শুরু হয়েছিল, যা বর্তমানে আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে।


