ঢাবিতে ইসলামী ছাত্রীসংঘের প্রকাশ্য আত্মপ্রকাশ, উপাচার্যের কাছে ১১ দফা দাবি
দীর্ঘদিনের নিরবতা ভেঙে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন সংকটসহ ১১ দফা দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারি আফসানা আক্তারসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল। উপাচার্যের কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে স্মারকলিপি প্রদান করা হয়।
দাবির মূল বিষয়বস্তু
১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
-
1.নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ
-
2.পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা
-
3.পর্যাপ্ত কমনরুম, নামাজঘর ও ওজুখানা
-
4.মাতৃত্বকালীন সহায়তা
-
5.ছাত্রী হলে যাতায়াতের জন্য বাস সংখ্যা বৃদ্ধি
-
6.যৌন হয়রানি ও ধূমপানমুক্ত ক্যাম্পাস
-
7.অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশাধিকার
স্মারকলিপি প্রদান শেষে ছাত্রীসংঘের নেতারা জানান, রাজনৈতিক দমন-পীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। বর্তমানে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নতুন করে সংগঠনের কার্যক্রম শুরু করেছেন তারা।
সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না বলেন,
“ফ্যাসিস্ট সরকারের দমননীতি এবং নিরাপত্তাহীন পরিবেশের কারণে আমরা এতদিন সংগঠনের কার্যক্রম চালাতে পারিনি। তবে আমরা এখন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে সক্রিয় হতে চাই।”
সেক্রেটারি আফসানা আক্তার যোগ করেন,
“আমরা চাই, নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা হোক। প্রশাসনের কাছে আমাদের আবেদন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, স্মারকলিপির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


