ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই দুই পক্ষকে আবার আলোচনায় বসাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। দেশটির একটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউজ; খবর প্রকাশ করেছে জিও নিউজ।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হলেও উভয় পক্ষ তাদের অবস্থান স্পষ্ট করেছে। চূড়ান্ত অগ্রগতি না হলেও ভবিষ্যৎ সংলাপ নিয়ে সতর্ক আশাবাদী রয়েছে ইসলামাবাদ।
উচ্চপর্যায়ের সূত্র জানায়, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দ্রুত নতুন করে সংলাপ শুরুর আহ্বান জানাচ্ছে পাকিস্তান। লক্ষ্য হলো, যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা—২২ এপ্রিলের আগেই একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো, যাতে নতুন করে সংঘাত শুরুর ঝুঁকি এড়ানো যায়।
সূত্রটি বলেন, “সময়সীমার আগেই বিষয়টির সমাধান করতে চাই।” ইতোমধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রস্তুতিও চলছে।
জানা গেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিষয়টির প্রতি সরকারের উচ্চ অগ্রাধিকারকে নির্দেশ করে। এ প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
সূত্রের ভাষ্য অনুযায়ী, আলোচনাকে এগিয়ে নিতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন এবং দুই পক্ষকে দ্রুত সংলাপে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
পাকিস্তান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের কাছেই নতুন করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে এবং তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সংলাপ শুরু করা গেলে উত্তেজনা প্রশমিত করা এবং সীমিত সময়ের মধ্যেই কূটনৈতিক সমাধান নিশ্চিত করা সম্ভব হতে পারে। পাকিস্তানের এই সক্রিয় মধ্যস্থতাকে আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত নিরসনে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: জিও নিউজ


