আন্দামান সাগরে নৌকাডুবে বাংলাদেশিসহ ২৫০ অভিবাসী নিখোঁজ
আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২৫০ জনেরও বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি বাংলাদেশ পুলিশের বরাতে এ তথ্য জানায়।
জানা গেছে, সম্প্রতি কক্সবাজার উপকূল থেকে যাত্রা শুরু করা নৌকাটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। নৌকাটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোহিঙ্গা শরণার্থী।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ভারত মহাসাগরে একটি জাহাজ ৯ জনকে জীবিত উদ্ধার করে। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ রয়েছে এবং তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া এক রোহিঙ্গা শরণার্থী জানান, যাত্রাপথে অতিরিক্ত ভিড় ও শ্বাসরোধে অন্তত ২৫ থেকে ৩০ জনের মৃত্যু হয়। পরে বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর এবং আইওএম। যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, দীর্ঘদিনের বাস্তুচ্যুতি ও টেকসই সমাধানের অভাবের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা ও তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় পালিয়ে আসে। দীর্ঘদিনেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছে।


