যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ ও মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ ও মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে হোয়াইট হাউস
নিউজ ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে অন্তত ১০ জন বিজ্ঞানীর নিখোঁজ হওয়া ও কয়েকজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস। বিষয়টি পারমাণবিক ও মহাকাশ গবেষণার মতো সংবেদনশীল খাতের সঙ্গে যুক্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বলেন, এখনো সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি। তবে ঘটনাগুলোর মধ্যে সম্ভাব্য একটি ধরণ বা প্যাটার্ন দেখা যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়টি পূর্ণাঙ্গভাবে যাচাই করতে আনুষ্ঠানিক তদন্ত প্রয়োজন বলে প্রশাসন মনে করছে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন নাসা-এর জেট প্রপালশন ল্যাবরেটরির সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজা, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিংয়ের সময় নিখোঁজ হন। এছাড়া পারমাণবিক নিরাপত্তা প্রকল্পে যুক্ত স্টিভেন গার্সিয়া ২০২৫ সালের আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তালিকায় আরও রয়েছেন লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি-এর সাবেক কর্মী অ্যান্থনি চাভেজ এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ড।

অন্যদিকে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল ডেভিড হিকস-এর মৃত্যুর ঘটনাও তদন্তের আওতায় এসেছে। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাগুলো এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র পেন্টাগন ও নাসাকে পারমাণবিক মহাকাশ প্রযুক্তি উন্নয়নে দ্রুত অগ্রসর হতে চাপ দিচ্ছে।

এদিকে কংগ্রেসম্যান এরিক বার্লিসন বিষয়টি নিয়ে এফবিআই-কে তদন্তে যুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উচ্চ-সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের একের পর এক নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

তবে এখন পর্যন্ত এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক বা কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।