যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে তারা এ সতর্কবার্তা দেয়।

আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির দিকে কোনো জাহাজ অগ্রসর হলে সেটিকে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দেয়। তবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে না নেওয়ায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। এরই প্রেক্ষাপটে তেহরান নতুন করে প্রণালিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত জাহাজগুলোকে সতর্ক করে আইআরজিসি বলেছে, বর্তমান অবস্থান থেকে যেন কোনো জাহাজ সরে না যায়।

এদিকে ইরানের প্রেসিডেন্ট বাঘের ঘালিবাফ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “অবিবেচনাপ্রসূত” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরানের জাহাজ চলাচলে বাধা দেওয়া হলে অন্য দেশের জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়বে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন