করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৬

বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডর গড়ে উঠলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা, ব্রিকস সদস্যপদ এবং নদী ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বেইজিং।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব, ‘টু প্লাস টু’ সংলাপ এবং সামরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে চীন সবসময় সম্মান করে। দেশের জনগণের স্বার্থে বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে—এ নীতির প্রতিই বেইজিংয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পটি বাস্তবায়নের আগে বৈজ্ঞানিক ও টেকসই সম্ভাব্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত চীন। অতীতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হলেও এবার দুই দেশের সরকারের মধ্যে সরাসরি সমঝোতা হওয়ায় প্রকল্প বাস্তবায়নের ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

তিনি আরও জানান, তিস্তা প্রকল্পের পাশাপাশি বাংলাদেশের নদী ব্যবস্থাপনা উন্নয়নেও সহযোগিতা করবে চীন। এছাড়া ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ইয়াও ওয়েন।