পবিত্র মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা

পবিত্র মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা
১৬ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে হুতিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। একই সঙ্গে মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষার প্রতি সব সময় পূর্ণ সম্মান দেখাতে হবে এবং তা নিশ্চিত করতে হবে।

সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মক্কার দক্ষিণে ড্রোনটি প্রতিহত করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

তবে ড্রোনটি কারা ছুড়েছে, সে বিষয়ে হুতিদের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য এসেছে। হুতি কর্তৃপক্ষ মক্কা কিংবা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা বলে সৌদি কর্তৃপক্ষ দাবি করছে।

এর আগে ২০১৭ সালের জুলাইয়ে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল হুতিদের বিরুদ্ধে। তবে সে সময়ও হুতি কর্তৃপক্ষ মক্কা বা অন্য কোনো ইসলামি পবিত্র স্থানকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছিল।

সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে সৌদি আরবের পাশে থাকার কথা জানিয়েছে।