নাজিব রাজাকের জন্য রাজকীয় ক্ষমা
গৃহবন্দী হয়ে সাজা ভোগ করবেন সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগের অনুমতি দিয়েছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের আইনবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, নাজিবকে শর্তসাপেক্ষে রাজকীয় ক্ষমা দেওয়া হয়েছে। এর আওতায় তিনি ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত গৃহবন্দি থেকে বর্তমান সাজা ভোগ করতে পারবেন। তবে এ সুবিধা পেতে তাকে ৫ কোটি মালয়েশীয় রিঙ্গিত জরিমানা পরিশোধ করতে হবে। নির্ধারিত শর্ত ভঙ্গ করলে ক্ষমার সিদ্ধান্ত বাতিল হয়ে তাকে আবার কারাগারে ফিরতে হবে।
নাজিব রাজাক ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা ১এমডিবি-সংক্রান্ত দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড ও ২১ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছিল। পরে ২০২৪ সালে রাজকীয় ক্ষমার মাধ্যমে তার সাজা কমিয়ে ছয় বছর এবং জরিমানা কমিয়ে ৫ কোটি রিঙ্গিত করা হয়।
নাজিব ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে অভিযোগের সঙ্গে রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাতের বিষয় জড়িত থাকলেও তিনি বরাবরই অন্যায় করার অভিযোগ অস্বীকার করে আসছেন।
শুক্রবার ফেডারেল টেরিটরিজ পার্ডনস বোর্ডের ৬৪তম বৈঠকে নাজিবের বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজা সুলতান ইব্রাহিম।
এদিকে নাজিবের বিরুদ্ধে ১এমডিবি-সংক্রান্ত আরেকটি মামলায় ২০২৫ সালের ডিসেম্বরে ১৫ বছরের কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা দেওয়া হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন।


