আল-আকসা মসজিদে নেতানিয়াহুর প্রবেশের নিন্দায় হামাস
অধিকৃত পূর্ব জেরুজালেমে কঠোর নিরাপত্তার মধ্যে পশ্চিম দেয়াল চত্বরে প্রবেশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তার সঙ্গে কয়েকজন মন্ত্রী ও হাজার হাজার ইসরায়েলিও ওই এলাকায় প্রবেশ করেন বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।
২০ সেপ্টেম্বর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করে, নেতানিয়াহু পবিত্র আল-আকসা মসজিদ এবং আল-বুরাক দেয়ালের নিচে থাকা সুড়ঙ্গ ও খননস্থলে প্রবেশ করেছেন। সেখানে তিনি ‘উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন বলেও দাবি করে সংগঠনটি।
হামাসের বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড পবিত্র স্থানটির পরিচয় ও মর্যাদার ওপর ‘স্পষ্ট ও নির্লজ্জ হামলা’।
সংগঠনটি আরও দাবি করে, আল-আকসা মসজিদের প্রাঙ্গণ, নামাজের স্থান, দেয়াল ও ফটকসহ পুরো মসজিদ ইসলামী মসজিদ হিসেবেই থাকবে।
বিবৃতিতে হামাস আরও বলেছে, দখলদারদের খননকাজ, অনুপ্রবেশ, ধর্মীয় আচার এবং বাইবেলভিত্তিক বয়ান চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আল-আকসার পরিচয় পরিবর্তন করতে পারবে না। একই সঙ্গে ওই স্থানের ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলার প্রচেষ্টাও সফল হবে না বলে দাবি করেছে সংগঠনটি।
পশ্চিম দেয়াল ইহুদিদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এর পাশেই অবস্থিত আল-আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। জেরুজালেমের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে ঘিরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা রয়েছে।


