হুথি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চায় না: ট্রাম্প
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য, হুথিদের সঙ্গে ওয়াশিংটনের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার বিষয়টি জানিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নেন ফক্স নিউজের প্রধান বৈদেশিক সংবাদদাতা ট্রেই ইংস্ট।
ট্রাম্প বলেন, হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত রয়েছে। তারা মার্কিন বাহিনীর সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং যুক্তরাষ্ট্র যেন তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেয়, সেটিই তাদের অবস্থান।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময়ও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে তারা মার্কিনদের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না এবং ওয়াশিংটন যেন তাদের ওপর হামলা না চালায়, সেটিই তারা চায়। ফক্স নিউজও সাম্প্রতিক প্রতিবেদনে ট্রাম্পের ওই বক্তব্যের বিষয়টি তুলে ধরেছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব হুথিদের একের পর এক হামলার মুখে রয়েছে। রোববারও সৌদি রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে, হামলাগুলো রিয়াদের বিমানবন্দরসংলগ্ন ‘সংবেদনশীল’ স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে হুথিরা দাবি করেছে।
এর আগে সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনও হামলার কারণে ক্ষতিগ্রস্ত ও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে রিয়াদ ওয়াশিংটনের কাছে সরাসরি সামরিক সহায়তা চাইলেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ায়নি।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব হুথিদের মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চেয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত সৌদিকে সামরিক ও গোয়েন্দা সহায়তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার ওপর জোর দিচ্ছে।
সাক্ষাৎকারে ইরান নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরান পরিস্থিতি নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর্যায়ে রয়েছেন এবং অদূর ভবিষ্যতে বড় কোনো পদক্ষেপ দেখা যেতে পারে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রায় সাত মাস পরও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। ট্রাম্প এরই মধ্যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। একই সময়ে ইরানও যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধের জন্য কয়েকটি শর্ত জানিয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, ইরানকে তার সীমার মধ্যে থাকার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তবে ওয়াশিংটনের পরবর্তী সামরিক বা কূটনৈতিক পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।


