জাতিসংঘে ভাষণ দিয়েই দেশে ফিরছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে হচ্ছে না সাক্ষাৎ

নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্র সফর কয়েক ঘণ্টায় শেষ করে দেশে ফিরবেন নেতানিয়াহু

জাতিসংঘে ভাষণ দিয়েই দেশে ফিরছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে হচ্ছে না সাক্ষাৎ
২৪ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা কর্মকর্তাদের সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সূচি অনুযায়ী, নিউইয়র্কে তিনি কোনো রাত থাকবেন না; জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েই একই দিন ইসরায়েলে ফিরবেন।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘ না করার পরামর্শ দেওয়া হয়। এসব বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা তথ্যে নির্দিষ্ট কিছু নিরাপত্তা সতর্কবার্তা ছিল। তবে সতর্কবার্তাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার গভীর রাতে ইসরায়েল ছাড়ার পর বৃহস্পতিবার সকালে নিউইয়র্কে পৌঁছানোর কথা নেতানিয়াহুর। সেখানে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পরই তিনি দেশে ফিরবেন। ফলে যুক্তরাষ্ট্রে তাঁর সফর কার্যত কয়েক ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংক্ষিপ্ত সফরসূচিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর কোনো বৈঠক নেই। দুই নেতার নিউইয়র্কে অবস্থানের সময়সূচিতে সমন্বয় না থাকায় বৈঠকের সুযোগ তৈরি হয়নি বলে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।

এ ছাড়া টেক্সাসে ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর সম্ভাব্য বৈঠক ও সফরও বাতিল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে জাতিসংঘে ভাষণ দেওয়াই তাঁর এবারের যুক্তরাষ্ট্র সফরের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্কে নেতানিয়াহুর সফরকে ঘিরে বিক্ষোভের আশঙ্কার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এর মধ্যেই নিরাপত্তা সতর্কতার কারণে তাঁর অবস্থান আরও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।