ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের রদবদল
বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীম দায়িত্ব পেয়েছেন এসএমপির নতুন কমিশনার হিসেবে।
এ ছাড়া, গত ২৮ জুন সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাতিল করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কয়েকজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে, রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
এদিকে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনস্বার্থ নিশ্চিত করতেই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এই রদবদল আনা হয়েছে।


