সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন অভিযোগের পক্ষে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি শুধু পত্রিকায় দেখেছেন। কোনো গণমাধ্যম কী তথ্য-প্রমাণের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করেছে, সেটি সংশ্লিষ্টদের কাছেই জানতে হবে। সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, বর্তমান ইন্টারনেটের যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। কথা বলতে চাইলে দেশ থেকেই যোগাযোগ করা সম্ভব।
মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এ দাবি তুলছেন, তাদের কাছে এ বিষয়ে জানতে হবে। তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। কেউ সমালোচনা বা অভিযোগ করতে পারেন, তবে সরকারের দৃষ্টিতে এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় তিনি সংবিধান ও প্রচলিত বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালীন রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন। ফলে ওই সময়ের দায়িত্বসংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বা আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের আগের কোনো অভিযোগ থাকলে সেটি সংশ্লিষ্ট সময়ের বিষয় এবং আইন অনুযায়ী তার নিষ্পত্তি হবে।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত সব সুযোগ-সুবিধা পাবেন। তার নিরাপত্তার জন্য ছয় মাস স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।


