ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
ঢাকার আশপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
২ আগস্ট ২০২৬

রাজধানী ঢাকার যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং যোগাযোগব্যবস্থা সহজ করতে চারপাশের নদীপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে নদীদূষণ বন্ধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্য ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় ঢাকার চারপাশের নদীপথে যাত্রীবাহী ওয়াটার বাস চালুর বিষয়েও আলোচনা হয়। আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা করে তাদের নৌপরিবহন সেবা পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী নদীগুলোকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগর অবকাঠামোর অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীতীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীর চারপাশের নৌপথ সচল করা গেলে সড়কপথের ওপর চাপ কমবে এবং যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি যাত্রী পরিবহন ও নগরভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।