বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ের আদালতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ‘ল’ ফার্ম’ নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশটির আদালতে আইনি লড়াই পরিচালনা এবং জামিন বাতিলের আবেদন এগিয়ে নিতে একটি ল’ ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ জানান, দুবাইয়ের আদালত থেকে বেনজীর আহমেদের জামিনসংক্রান্ত সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগও জোরদার করা হয়েছে। আদালতের আদেশের বিস্তারিত তথ্য পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। পরে তিনি দেশটির আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পান।


