এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয়
এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন
২ আগস্ট ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনের জন্য জমা দেওয়া বিভিন্ন প্রমাণপত্র যাচাই, আবেদনের ধরন নির্ধারণ এবং জটিলতা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

রোববার (২ আগস্ট) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনকারীদের জমা দেওয়া দলিল ও প্রমাণক যাচাই করতে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন নিবন্ধন ও প্রবাসী সেবা শাখার উপপরিচালক এবং মুদ্রণ ও বিতরণ ইউনিটের সহকারী পরিচালক। সংশোধন ও প্রতিস্থাপন শাখার সহকারী পরিচালক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—এনআইডিতে কী ধরনের পরিবর্তনের আবেদন করা হচ্ছে, তার শ্রেণিবিন্যাস করা এবং প্রতিটি ধরনের সংশোধনের জন্য প্রয়োজনীয় দলিল বা প্রমাণকের তালিকা তৈরি করা।

এ ছাড়া পর্যাপ্ত প্রমাণপত্র না থাকায় ‘ঘ’ ক্যাটাগরিতে বাতিল হওয়া এবং পরে পুনরায় দাখিল করা আবেদনগুলোতে প্রয়োজনীয় প্রমাণক যুক্ত থাকলে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ এবং বিদ্যমান প্রক্রিয়ায় জটিলতা কমাতেও সুপারিশ দেওয়া হবে।

আবেদনের ওপর ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবস্থা নেওয়ার সময় উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানে সিএমএস পোর্টালে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, সে বিষয়েও মতামত দেবে কমিটি।

এ ছাড়া এনআইডি লক ও আনলক এবং রোলব্যাকের যৌক্তিকতা নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশ করবে চার সদস্যের এ কমিটি।