জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক তথ্যচিত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করে তথ্যচিত্রটি পুনরায় প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যচিত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট অবদান যথাযথভাবে স্থান পায়নি। এ বিষয়ে বিভিন্ন মহলের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংশোধন শেষে তথ্যচিত্রটি আবার জনসমক্ষে উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে, রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি সামনে আসার পরপরই উপস্থিত অতিথিদের উদ্দেশে মন্ত্রী আহমেদ আযম খান প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান।


