২০২৭ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নয়, লটারি পদ্ধতিই বহাল
প্রথম শ্রেণিতে ভর্তি পদ্ধতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির মাধ্যমে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের প্রথম শ্রেণির ভর্তি কার্যক্রম সম্পূর্ণভাবে লটারির ভিত্তিতে পরিচালিত হবে। ফলে এ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের কোনো লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে না।
তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে অন্যান্য সব শ্রেণিতে আগের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি অনুসরণ করা হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি এখনো ভর্তি পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন হয়ে আসছে।


