বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট

জাতীয়
বোমা হামলার আশঙ্কায় সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট
৭ আগস্ট ২০২৬

দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় সব জেলা ও পুলিশ রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের সব এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার আশঙ্কার তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলার রাতের টহল, মোবাইল ডিউটি ও চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিশেষ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সদস্যদের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা যেকোনো অস্বাভাবিক পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের সব ইউনিটকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটের প্রধানদের মোবাইল মেসেজের মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাতের টহল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাড়তি নজরদারি রাখার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।