মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে সেখানে পৌঁছে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে মাতারবাড়ী প্রকল্প এলাকায় পৌঁছান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এবং জেলা প্রশাসক মো. আ. মান্নান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, এ সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী।
প্রকল্প এলাকায় পৌঁছানোর পর তিনি কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বলেন, বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচিতে বন্যাকবলিত এলাকাও রয়েছে। মাতারবাড়ী সফর শেষে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর করার কথা রয়েছে।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে করে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশে রওনা দেন তিনি।


