রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুই মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের পক্ষ থেকে ফরম দুটি নেওয়া হয়।
বিএনপির পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবীর রিজভী নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
ইসি জানিয়েছে, আপাতত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপের অগ্রগতি ও হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


