ঢাকা পৌঁছেছে রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট

জাতীয়
ঢাকা পৌঁছেছে রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট
৯ আগস্ট ২০২৬

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকায় ফিরেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম রোববার সকালে এক বার্তায় জানান, রোমে আটকে থাকা ফ্লাইটটি মেরামত শেষে রোববার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

ফ্লাইটটির কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের বহনকারী বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটির ত্রুটি শনাক্তের পর প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের পর কারিগরি সমস্যা সমাধান করে উড়োজাহাজটিকে পুনরায় চলাচলের উপযোগী করা হয়।

গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে ত্রুটি শনাক্ত হয়। এরপর ফ্লাইটটি রোমেই অবস্থান করছিল।

বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমে অবতরণ করে। ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন।

উড়োজাহাজটি আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেরামত শেষে উড়োজাহাজটি ঢাকায় ফিরে আসায় দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।