রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জাতীয়
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে দলটির একটি সূত্র।

দলটির এক জ্যেষ্ঠ নেতা ‘ডেইলি ওয়াদা’কে জানিয়েছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত করেছেন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্ভর করছে। যদিও তার পছন্দের প্রার্থী সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা মির্জা ফখরুলের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসি থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।

দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সদর দপ্তরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম দুটি সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে।

ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার সম্ভাবনা

জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। সংসদীয় সমর্থনে বড় ধরনের কোনো পরিবর্তন না হলে বিএনপির প্রার্থী দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে পারেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজন হলে ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ হবে।

তবে মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

সাহাবুদ্দিনের পদত্যাগে পদ শূন্য

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতির পদটি শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।

সংবিধান ও ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে।

এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরটি আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কবে ঘোষণা করা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।