আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছেন, দেশ গঠনেও একইভাবে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

নির্বাচনের আগে আলেম-ওলামাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে হুজুরকে এখানে আসার কথা দিয়েছিলেন। আল্লাহর রহমতে সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি পূরণের সুযোগ হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি। বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, যার খেসারত এখন দেশের মানুষকে দিতে হচ্ছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, অতীতে পরিকল্পনাহীনভাবে কাজ করার কারণে বর্তমানে জনগণকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। চলমান গ্যাস সংকট আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে দেশের মানুষ ও তাদের সন্তানরা খেয়ে-পরে শান্তিতে বসবাস করতে পারবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং পারস্পরিক শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সম্প্রতি বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, নির্বাচনের পরও দেশ গঠনের কাজে একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল, স্কুল-কলেজ, মাদরাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে।
আলেম-ওলামাদের সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা সরাসরি সরকারের অংশ না হলেও সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখছেন। দেশের মানুষকে সঠিক পথে পরিচালনা এবং দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শুধু সরকারের একার নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়িতে পৌঁছান। হেলিকপ্টারটি পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করলে সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

