পুলিশ অ্যাসোসিয়েশন

গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা পুলিশের মনোবল নষ্ট করছে

জাতীয়
গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা পুলিশের মনোবল নষ্ট করছে
১০ আগস্ট ২০২৬

পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ঘাপটি মেরে থাকা ‘গুপ্ত ও ফ্যাসিস্টদের দোসররা’ দেশ-বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সাংবাদিকদের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, এসব তথ্য যাচাই-বাছাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত ও মনগড়া গল্প হিসেবে প্রচার করা হচ্ছে। এর ফলে দায়িত্ব পালনে ফিরে আসা পুলিশ সদস্যদের মনোবল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাহিনীর কর্মস্পৃহা ও কার্যক্ষমতাও বাধাগ্রস্ত হচ্ছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের ভঙ্গুর মনোবল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। সদস্যরা নতুন উদ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে ফিরছিলেন। এমন পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্ট শক্তি ও কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপতৎপরতায় জড়িত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

সংগঠনটির অভিযোগ, পুলিশের অভ্যন্তরে ও বাইরে থাকা এসব ব্যক্তি দেশ-বিদেশের বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও নামধারী সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। পরে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই না করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এখন ব্যক্তিবিশেষ থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এমনকি বাহিনীর প্রধানের বিরুদ্ধেও কুৎসা ও অপপ্রচারে রূপ নিচ্ছে। এতে পুলিশ সদস্যদের মনোবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মনোবল ও পেশাগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপতথ্য, গুজব ও কুৎসামূলক প্রচারণার মাধ্যমে বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা শেষ পর্যন্ত পুলিশ ছাড়াও রাষ্ট্র ও জনগণের ক্ষতি করছে।

সংগঠনটি আরও দাবি করে, ব্যক্তিগত, গোষ্ঠীগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্বহীন ও অনৈতিক প্রচারণা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড পেশাগত নৈতিকতা, রাষ্ট্রীয় স্বার্থ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

বিবৃতিতে এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রচলিত আইন, বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।