সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগটি দাখিল করে ঘটনাটি অনুসন্ধানের জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে অভিযোগটি জমা দেন।
ব্যাংকের অভিযোগ অনুযায়ী, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কথিত এই ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।
১০০ কোটি থেকে ঋণসীমা বাড়িয়ে ৫০০ কোটি
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা অনিয়মের মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়।
পরবর্তীতে ঋণের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংকটি।
ইসলামী ব্যাংকের অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডকে অবৈধভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন।
সাবেক এমডিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও ইসলামী ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক—মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে।
ব্যাংকটির দাবি, তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনিয়মের মাধ্যমে ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
চার অডিট ফার্মের তদন্তে অসঙ্গতির দাবি
ইসলামী ব্যাংক জানিয়েছে, চারটি অডিট ফার্মের মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনার তদন্ত করা হয়েছে। ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অসঙ্গতি পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।


