বঙ্গভবনে যাওয়ার লড়াই: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ

জাতীয়
বঙ্গভবনে যাওয়ার লড়াই: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ
১৩ আগস্ট ২০২৬

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর মিলতে পারে আজ বৃহস্পতিবারই। রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখন অপেক্ষা বিএনপির প্রার্থী ঘোষণার।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার সকালে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। দুপুর ১টার পর দলটির প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সচিবালয়েও গুঞ্জন রয়েছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন।

তবে শেষ মুহূর্তে মির্জা ফখরুলের নামই চূড়ান্ত হবে, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্ন কোনো প্রার্থী দিয়ে রাজনৈতিক চমক দেখাবেন—তা বিএনপির আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি পদে ভোটাভুটির প্রয়োজন হবে। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান নির্বাচনে অংশ নেবেন।

তবে সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই কার্যত অনেকটা নিশ্চিত হয়ে যাবে, কে হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচনের পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের সুযোগ তৈরি করতেই ১১ দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করেছে।