রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

জাতীয়
রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা
২২ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সদস্যপদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আসনটি শূন্য ঘোষণা করে শনিবার (২২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিষয়টি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তাঁর সংসদীয় আসন শূন্য হওয়ায় এখন ওই আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু করার সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হবে।