স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী
সংবিধানে নির্ধারিত নিয়ম অক্ষরে অক্ষরে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পদ্ধতিতে নির্বাচন করবে না। জনগণের মতামত ও সাংবিধানিক বিধানকে গুরুত্ব দিয়েই নির্বাচন আয়োজন করা হবে।
আবদুল মঈন খান বলেন, বিএনপিকে ‘ক্যান্টনমেন্টের দল’ হিসেবে আখ্যা দেওয়া হলেও আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতির বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে আইনের শাসন ও আইনিভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের অন্যতম লক্ষ্য।


