হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি
ই-মেইলের মাধ্যমে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে গুলশান ও বারিধারার বিভিন্ন দূতাবাসকে রাখা হয়েছে বিশেষ নজরদারিতে।
কূটনৈতিক এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও টহল কার্যক্রম।

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, হুমকি ও চাঁদা দাবির ঘটনায় কূটনৈতিক এলাকায় আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দূতাবাসগুলোর সামনে নজরদারি জোরদারের পাশাপাশি কুইক রেসপন্স টিমগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
সম্প্রতি ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কূটনৈতিক এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দূতাবাসগুলোর প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের বৈঠক হয়।
হুমকির ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সিটিটিসি। সংশ্লিষ্টরা বলছেন, ঘটনার উৎস ও এর পেছনে কারা রয়েছে তা শনাক্তে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

