শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা

জাতীয়
শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা
২৮ আগস্ট ২০২৬

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে স্মল মডুলার রিঅ্যাক্টরের সম্ভাবনাকে বাংলাদেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

তিনি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় বাড়ানো প্রয়োজন।

বৈঠকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। আধুনিক পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআরের উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়টিও তিনি তুলে ধরেন।

আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তির ব্যবহার, জ্বালানি খাতে পারস্পরিক সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।