স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে

জাতীয়
স্বচ্ছ প্রক্রিয়ায় শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে
২৮ আগস্ট ২০২৬

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া সরকারের নির্বাচিত ২৫টি রিক্রুটিং এজেন্সির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং আরও ৩১২টি এজেন্সি ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী পাঠানোর সুযোগ পাবে। সব মিলিয়ে ৩৩৮টি এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।

মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে দুই দেশের উচ্চপর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য বাজারটি পুনরায় খোলার পথ তৈরি হয়েছে।

জিরো কস্টে যাচ্ছেন ১০ হাজার কর্মী

সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রণালয় জানিয়েছে, বিমান ভাড়াসহ অভিবাসনসংক্রান্ত কোনো খরচ ছাড়াই এসব কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন। প্রথম দফার কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

২৫ এজেন্সির সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৩১২টি

মালয়েশিয়া সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ও নেপালের জন্য ২৫টি করে রিক্রুটিং এজেন্সি এবং ভারত, পাকিস্তান ও মিয়ানমারের জন্য ১০টি করে এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে। এটি মালয়েশিয়া সরকারের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ।

তবে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া আরও ৩১২টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দিয়েছে। এর সঙ্গে বোয়েসেলও যুক্ত হচ্ছে।

মন্ত্রণালয়ের দাবি, ফলে বিদ্যমান নিয়ম ও সীমাবদ্ধতার মধ্যেও মোট ৩৩৮টি বাংলাদেশি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে।

২৫টি এজেন্সি বাছাই করেছে মালয়েশিয়ার মানবসম্পদ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের একটি যৌথ কমিটি। এই বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিতর্কিত বাদ, কার্যক্রম চলবে ১৬ মেডিকেল সেন্টারে

শ্রমবাজার দ্রুত চালুর লক্ষ্যে বাংলাদেশ বিদ্যমান মেডিকেল সেন্টারের তালিকা পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে এসে বিভিন্ন মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করে।

এর ভিত্তিতে বিতর্কিত ও অনুপযুক্ত হিসেবে বিবেচিত কেন্দ্রগুলো বাদ দিয়ে অবশিষ্ট ১৬টি মেডিকেল সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

শ্রমবাজার চালুর পর মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালা অনুযায়ী মেডিকেল সেন্টারগুলো পুনরায় যাচাই করবে। এরপর পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হবে।

কর্মীদের নিরাপত্তায় মনিটরিং সেল

বাংলাদেশি কর্মীদের হয়রানি বন্ধ এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। বিমানবন্দরে হয়রানি বন্ধের পাশাপাশি কর্মীদের সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অভিবাসনসংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর কথাও জানিয়েছে সরকার।

এখনই টাকা-পয়সা লেনদেন নয়

মালয়েশিয়ার শ্রমবাজার খোলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কথা উল্লেখ করে সতর্ক করেছে মন্ত্রণালয়।

কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তাই মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে এখনই মেডিকেল পরীক্ষা না করা এবং কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর কাছে পাসপোর্ট জমা না দেওয়ার জন্যও সতর্ক করেছে মন্ত্রণালয়। সুনির্দিষ্ট প্রক্রিয়া ও পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানানো হবে।