লুট হওয়া অস্ত্র উদ্ধারে বড় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয়
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বড় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
২৯ আগস্ট ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব অস্ত্র উদ্ধারে সহায়তা করতে তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেভি ওয়েপনস উদ্ধারে সহযোগিতা বা তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শর্টগানের মতো অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, লুট হওয়া সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের সেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে যারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের ক্ষেত্রভেদে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম, প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।