‘বেতন বৃদ্ধির সুযোগে যেন জিনিসপত্রের দাম না বাড়ে’

জাতীয়
‘বেতন বৃদ্ধির সুযোগে যেন জিনিসপত্রের দাম না বাড়ে’
১ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপণ্যের মজুত, আমদানি, সরবরাহ ও বাজারমূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ আহ্বান জানান সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক।

সভায় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের নেতা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় মো. ফজলুল হক বলেন, নতুন বেতন স্কেল ঘোষণার পরপরই এ ধরনের সভা আয়োজন করা হয়েছে, তাই এর গুরুত্ব রয়েছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্যের দাম বাড়ানো উচিত হবে না।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তারা হয়তো কিছুটা বাড়তি দাম বহন করতে পারবেন। কিন্তু দেশের অধিকাংশ মানুষ সরকারি চাকরির বাইরে। তাদের আয় বাড়েনি। ফলে বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাজারে পণ্যের দাম বাড়ালে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

এফবিসিসিআই প্রশাসক ব্যবসায়ীদের প্রতি সামাজিক ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বাড়তি মুনাফা করার চেষ্টা, কৃত্রিম মূল্যবৃদ্ধি কিংবা কোনো ধরনের সিন্ডিকেট যেন তৈরি না হয়।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সামাজিক ও নৈতিক দায়িত্ব আছে। বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়তি মুনাফা, মূল্যবৃদ্ধি কিংবা সিন্ডিকেট করা যাবে না—আজকের সভা থেকে আমরা এই বার্তাই দিতে চাই।’

সভায় নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়।